বিশেষ প্রতিনিধি : মাহফুজুর রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের কঠোর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সিআইডি প্রধান (অতিরিক্ত আইজিপি) জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম। তিনি স্পষ্ট করে বলেছেন, নির্বাচনী দায়িত্ব পালন বাংলাদেশ পুলিশের জন্য একটি ‘পবিত্র আমানত’, যেখানে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এসব নির্দেশনা দেন। দেশের বিভিন্ন জেলা পর্যায়ের সিআইডি ইউনিটগুলো অনলাইনে এই ব্রিফিংয়ে যুক্ত ছিল।
নিরপেক্ষতা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য সিআইডি প্রধান নির্দেশ দিয়েছেন যে—ডিউটি চলাকালীন কোনো ব্যক্তি বা প্রার্থীর কাছ থেকে খাবার বা অন্য কোনো সহযোগিতা গ্রহণ করা যাবে না। পুলিশ সদস্যদের নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরাই করতে হবে।দায়িত্বরত অবস্থায় নির্বাচন সংক্রান্ত কোনো ছবি, পোস্ট, ব্যক্তিগত মন্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যাবে না।কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা বা তাদের কাছ থেকে কোনো ধরনের আনুকূল্য গ্রহণ করা থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যান্য বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সুসমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। পাশাপাশি পুলিশের পোশাকের মর্যাদা রক্ষা এবং স্মার্ট আউটলুক বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।