আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন থেকে জেলায় জেলায় পৌঁছানো হচ্ছে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম। ইতোমধ্যে কুমিল্লা, হবিগঞ্জ ও রাঙামাটি জেলায় সরবরাহ শুরু হয়েছে, বাকি জেলাগুলোতে চলছে প্রস্তুতি।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব ব্যালট পেপার ও সরঞ্জাম নিয়ে যাচ্ছেন নির্বাচন কর্মকর্তাগণ।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, জেলার ৪৮ লাখ ৫০ হাজারেরও বেশি ভোটারের জন্য ব্যালট পেপার প্রত্যেক উপজেলায় পাঠানো হচ্ছে।
একই সাথে হবিগঞ্জে সকাল থেকেই জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসব উপকরণ পাঠানো হচ্ছে। নির্বাচনের আগের দিন (১১ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রিসাইডিং অফিসারের মাধ্যমে জেলার ৪টি আসনে ৬৪৭টি ভোটকেন্দ্রে এসব উপকরণ পাঠানো হবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, গতকাল রাঙামাটি আসনের চার উপজেলার দুর্গম ২০টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট বক্স, আইন-শৃঙ্খলাবাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানোর শুরু হয়েছে।