​নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যেসব বিশ্বনেতা

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০১:১৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০১:১৪:৩৬ অপরাহ্ন


আগামী ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে যাচ্ছে। এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে বৈশ্বিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। 

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস নিশ্চিত করেছে, আমন্ত্রিত অতিথিদের তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফসহ শীর্ষ সারির বিশ্বনেতারা রয়েছেন। এই আমন্ত্রিত দেশগুলোর তালিকায় আরও আছে চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রিত হলেও ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। কারণ হিসেবে জানানো হয়েছে, একই দিনে আগে থেকেই তার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মুম্বাইতে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের শিডিউল নির্ধারিত রয়েছে। তবে ভারতের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সি পি রাধাকৃষ্ণন শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে। বাংলাদেশের নতুন সরকারের এই শপথ অনুষ্ঠানকে ভূ-রাজনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। 


এনডিটিভি বিশ্লেষণে উল্লেখ করেন, তারেক রহমান ভারত, পাকিস্তান ও চীনসহ আঞ্চলিক সব মিত্রের সঙ্গে একটি সুষম ও সমান সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন। গত কয়েক বছর ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও গত শুক্রবার নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের আন্তরিক ফোনালাপকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যেখানে মোদি তাকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত শেখ হাসিনার পতনের পর গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করার মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরে আসছে। নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার সকাল ১০টায় শপথ নেবেন এবং বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com