পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুল পুরো মাসজুড়ে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন High Court Division of Bangladesh। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল। গত ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠানো হলেও জবাব না পাওয়ায় রিটটি করা হয়।
রিটে উল্লেখ করা হয়, দেশের অধিকাংশ নাগরিক মুসলমান হওয়ায় স্বাধীনতার পর থেকে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা বিদ্যমান। সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ১৫২(১) অনুযায়ী আইন, প্রথা ও রীতির ব্যাখ্যা তুলে ধরে রিটকারী দাবি করেন—রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক।
এছাড়া, কোমলমতি শিক্ষার্থীদের রোজা পালনে সম্ভাব্য কষ্ট, শারীরিক ক্লান্তি এবং ধর্মীয় অনুশীলনে প্রতিবন্ধকতার বিষয়ও রিটে তুলে ধরা হয়। নগর এলাকায় যানজট বৃদ্ধির আশঙ্কার কথাও উল্লেখ করা হয়।
আদালতের এ আদেশের ফলে রমজান মাসে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে ধারণা করা হচ্ছে।