নীলফামারিতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:২৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:২৫:৪১ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) নীলফামারী সদর উপজেলার ৯ নং ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর নীলফামারী জেলা পর্যায়ের নেতা এবং বাংলাদেশ কৃষক লীগ-এর জেলা সহসভাপতি ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একাধিক হত্যা, নাশকতা ও সহিংসতার মামলার এজাহারনামীয় আসামি হিসেবে দীর্ঘদিন ধরেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। স্থানীয় সূত্র ও মামলার নথি অনুযায়ী, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর-এর ঘনিষ্ঠ সহচর হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন হেদায়েত আলী শাহ ফকির। অভিযোগ রয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রকাশ্যে বিরোধী দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে নৌকা প্রতীকে জোরপূর্বক সিল মারার পরিবেশ সৃষ্টি করেন। এছাড়া চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, সে সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারে ভূমিকা রাখেন। ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারী সদরের রামগঞ্জ বাজারে সংঘটিত বহুল আলোচিত ‘রামগঞ্জ ট্রাজেডি’ হত্যাকাণ্ডে তার প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগ রয়েছে এজাহারে। ওই ঘটনায় অসংখ্য ব্যক্তিকে আসামি করা হয় এবং অনেকেই দীর্ঘদিন জেল-রিমান্ড ও হয়রানির শিকার হন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটতরাজের ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ উল্লেখ রয়েছে মামলায়। ওইদিন জেলা শহরের বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সহিংসতার ঘটনা ঘটে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ১. রামগঞ্জ ট্রাজেডি হত্যা মামলা—মামলা নং জিআর-৩২০/২৪, সদর থানা। ২. ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা মামলা—মামলা নং জিআর-২৬৯/২৪, সদর থানা। ৩. জেলা বিএনপির কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটতরাজ মামলা—মামলা নং জিআর-২৬৭/২৪, সদর থানা। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্ট সহিংসতা ও নাশকতার ঘটনায় তার ভূমিকা তদন্ত করে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com