নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ মাসের বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বি-ব্রাদার্স গ্রুপ নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় অবরোধ করা হয়। এতে সড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
শ্রমিকেরা বলেন, কারখানাটিতে দুই হাজারের অধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। তারা গত ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। মালিকপক্ষ কয়েকদিন ধরে আশ্বাস দিয়ে তালবাহানা করছেন। প্রতিবাদকারী শ্রমিকদের আটকে রেখে নির্যাতন ও ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা। এ নিয়ে গত কয়েকদিন ধরে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বিরোধ চলছিল।
সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে ৮ থেকে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে কয়েক দফা সমঝোতার বৈঠক করেন। কিন্তু বকেয়া বেতন, শ্রমিক নির্যাতন বন্ধ ও ছাঁটাইয়ের বিষয়ে চূড়ান্ত মীমাংসা না হওয়ায় শ্রমিকরা এখনো সড়ক অবরোধ করে রেখেছেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
ভুলতা হাইওয়ে ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সকাল থেকে এখানে শ্রমিকরা অবরোধ করছে তাই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট কমানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু শ্রমিকরা রাস্তা বন্ধ করে রেখেছে এবং এই মহাসড়কে অনেক বড় বড় পণ্যবাহী যানবাহন চলাচল করে তাই সড়কে সবকিছুই স্থবির হয়ে আছে।