মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।আজ রোববার (৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, জনগণ অনেক আশা-ভরসা নিয়ে আমাদের ভোট দিয়েছে। তাই আমরা ব্যক্তিগতভাবে কী পেলাম সেটি বড় বিষয় নয়, বরং জনগণ কী সেবা পেল- সেটিকেই আমাদের প্রাধান্য দিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের প্রধান দায়িত্ব।
সরকারি কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রী বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি টেন্ডার প্রক্রিয়া ও সার ডিলার নিয়োগসহ বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে দলীয় পরিচয়ের পরিবর্তে যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। এছাড়া ক্রমবর্ধমান নগরায়নের হাত থেকে কৃষি জমি রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
দুর্নীতিমুক্ত দেশ গঠনে এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি বন্ধ করা গেলে দেশের অধিকাংশ সমস্যার সমাধান করা সম্ভব।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।