রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কের বনবিভাগের সামনে
শুক্রবার (২০মার্চ) জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম আশরাফ।
মোবাইল কোর্ট পরিচালনার সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করা হয় এবং ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র যাচাইসহ আইন লঙ্ঘনের বিষয়গুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান শেষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে যাত্রী ও সংশ্লিষ্ট কর্মচারীদের সচেতন করা হয় এবং নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
০১৭৪০৮৬১০৮০