রাজধানীর মতিঝিল এলাকায় এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পশ্চিম পাশে স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে অস্ত্র বিক্রির দায়ে ৬ ব্যক্তিকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পল্টন থানা পুলিশ ও মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার সহায়তা করেন। ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার অস্থায়ী হার্ডওয়্যার দোকানগুলোতে তল্লাশি চালিয়ে মোট ৬৪টি ধারালো ও ভোতা অস্ত্র উদ্ধার করে।
জব্দকৃত অস্ত্রের তালিকায় রয়েছে- ৩৫টি সুইচ গিয়ার, ১৩টি বিভিন্ন ধরনের চাকু, ৩টি চাইনিজ কুড়াল, ৩টি হাতুড়ি, ৫টি শক গান ও ৫টি পাঞ্জা।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ইদ্রিস আলী (৪২), রুহুল আমিন (৪০), জহিরুল ইসলাম (২৯), ফিরোজ উদ্দিন (৩৭), শাহজাহান (২৯) ও রাশেদুল ইসলাম (২০)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসব অস্ত্র অবৈধভাবে বিক্রি করে আসছিল। অপরাধী ও ছিনতাইকারীরা মূলত এসব অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতো। জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।