মাহফুজুর রহমান :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় ‘খারা মোশাররফ’ খ্যাত মোশাররফ হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয়। এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গ্রীন টিভি’ ও ‘প্রতিদিনের বাংলাদেশ’-সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা আহত হয়েছেন এবং প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভিডিও সরঞ্জাম লুট করা হয়েছে।
এই ঘটনায় গ্রীন টিভির ভিডিও জার্নালিস্ট মোঃ শরীয়তুল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ গ্রীন টিভিতে মোশাররফ হোসেনের মাদক ব্যবসা ও নারী নির্যাতন সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরই জেরে সাংবাদিকরা পুনরায় সংবাদ সংগ্রহের জন্য রোববার বিকেলে নাওড়া এলাকায় গেলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলাকারীরা সাংবাদিকদের এলোপাথাড়ি মারধর করে এবং পেশাগত কাজে ব্যবহৃত ১৭ লাখ টাকা মূল্যের প্যানাসনিক-৩৭২ ভিডিও ক্যামেরা, ৪০ হাজার টাকার ট্রাইপড এবং ৮০ হাজার টাকার ওয়্যারলেস মাইক্রোফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ শরীয়তুল্লা বলেন, পরিকল্পিতভাবে আমাদের ওপর এই হামলা চালানো হয়েছে। আমরা কেবল সত্য তুলে ধরার চেষ্টা করছিলাম। সন্ত্রাসীরা আমাদের দামী সরঞ্জাম লুট করার পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়েছে। আমরা এই ঘটনার দ্রুত বিচার ও মালামাল উদ্ধার দাবি করছি।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ জানায়, সাংবাদিকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
এদিকে, সংবাদকর্মীদের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ। তারা দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।