""
নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় ইউপি সদস্য। এ ঘটনায় আহত যুবককে উপজেলার সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ০৫ নং রাইগাঁ ইউপির নৈখট্টি গ্রামে। জানা গেছে, ওই এলাকার বাবু হোসেন নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরির অভিযোগে নৈখট্টি গ্রামের আব্দুল হামিদের ছেলে রেদওয়ান হোসেন (৩৮) কে স্থানীয় কতিপয় যুবক আটক করে স্থানীয় ইউপি সদস্য হারুনকে খবর দেয়। খবর পেয়ে ইউপি সদস্য হারুন ঘটনাস্থলে এসে রেদওয়ানকে গাছে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এ সময় রেদওয়ানের বাবা মারপিটের প্রতিবাদ করলে তাকেও ওই ইউপি সদস্য অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ শারীরিক ভাবে লাঞ্ছিত করে। তবে মারপিটের অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে ইউপি সদস্য হারুন বলেন, তাকে গাছে বেঁধে লাঠি দিয়ে জাস্ট ভয়ভিতী দেখানো হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক বলেন, মারপিট করার ঘটনাটি তিনি শুনেছেন এবং গুরুতর আহত রেদওয়ানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। এবিষয়ে অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা । ওই যুবককে গাছে বেঁধে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়।