সৌদি আরবের দাম্মামে দেওয়াল ধসে পড়ে মোহাম্মদ ইউসুফ (২৬) নামে নোয়াখালীর সেনবাগের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাসে গিয়ে নিজের এবং পরিবারের ভাগ্য পরিবর্তন করতে মাত্র ৩ মাসের ফ্রি ভিসা নিয়ে সৌদি আরবের দাম্মামে যান। সেখানে গিয়ে একটি ভবন নির্মাণ কম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসাবে চাকরি করছিলেন।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন।
এর আগে শুক্রবার বিকেলে সৌদির দাম্মামে একটি নির্মাণাধীন ভবনে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাহতাবপুর গ্রামের মনগাজী বেপারী বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ও জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ। সেখানে গিয়ে কিছুদিন বেকার থাকার পর ভবন নির্মাণ কম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি নেন।
শুক্রবার বিকেলে ইউসুফ একটি ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন। এসময় হঠাৎ একটি দেয়াল ধসে তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন আরো জানান, ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
ইউসুফের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তার পৈতৃক নিবাস মাহতাবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। তার স্বজনরা মৃত ইউসুফের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।