মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-
পাহাড় আর কাপ্তাই লেকের জনপদ রাঙ্গামাটিতে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।ভোরে সূর্যোদয়ের পর থেকেই শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সকালবেলা রাঙ্গামাটি পৌরসভা মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য 'আনন্দ শোভাযাত্রা' বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ এম. আব্দুল আলী মঞ্চে আয়োজিত লোকজ মেলার শুভ উদ্বোধন করা হয়। রাঙ্গামাটির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
বাঙালির প্রাণের এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। রাঙ্গামাটির এই মিলনমেলা আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।উদ্বোধনী অনুষ্ঠান শেষে নববর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এই লোকজ মেলায় স্থানীয় হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছে। পুরো আয়োজনকে ঘিরে শহরজুড়ে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।