প্রথম সপ্তাহে বাজিমাত, দ্বিতীয় সপ্তাহে উত্তর আমেরিকায় বাড়ছে ‘দম’

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০১:০৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০১:০৬:২৮ অপরাহ্ন

প্রথম সপ্তাহে বাজিমাত, দ্বিতীয় সপ্তাহে উত্তর আমেরিকায় বাড়ছে ‘দম’

‘দম’ সিনেমার পোস্টার। চরকির সৌজন্যে
উত্তর আমেরিকায় দর্শকদের মন জয় করছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। প্রথম সপ্তাহের সাফল্যের পর দ্বিতীয় সপ্তাহে বাড়ছে মুক্তির পরিসর। প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর আগামীকাল ১৭ এপ্রিল (শুক্রবার) থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে আফরান নিশো-পূজা চেরী অভিনীত ছবিটি। এক ফেসবুক পোস্টে খবরটি দিয়েছেন ছবিটির উত্তর আমেরিকার পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।
রাজ হামিদ ফেসবুকে লিখেছেন, ‘আগামী ১৭ এপ্রিল (শুক্রবার) থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে “দম”। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৫০টির বেশি এবং কানাডায় ৮টি হলে ছবিটি চলবে।’
প্রথম সপ্তাহে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ফিনিক্সের দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন এ পরিবেশক। তাঁর মতে, দর্শকের ভালোবাসাই ছবিটির পরিসর বাড়াতে ভূমিকা রেখেছে। জানিয়েছেন, নিউইয়র্কের কিউ গার্ডেনসে দ্বিতীয় সপ্তাহেও ‘দম’ প্রদর্শিত হবে। পাশাপাশি লং আইল্যান্ডের শোকেস ফার্মিংডেল প্রেক্ষাগৃহও যুক্ত হচ্ছে তালিকায়। প্রতিদিন সেখানে দুটি করে শো (বিকেল ৫টা ও রাত ৮টা) নির্ধারণ করা হয়েছে।
রাজ হামিদ আরও জানান, ১৭ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়টিকে ‘দম’-এর বিশেষ সপ্তাহ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ফ্লোরিডা, ডালাস, মায়ামি, বোস্টন, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান, আটলান্টাসহ বেশি স্টেটে চলবে ‘দম’। দর্শকদের অনলাইনে টিকিট কেটে প্রেক্ষাগৃহে এসে বাংলা ছবিকে সমর্থন জানানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
প্রযোজক রাজ হামিদ ও নওশাবা রশীদ দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনারা ‘‘দম’’ এর মাঝে যে কতখানি ভালোবাসা লুকিয়ে আছে তার প্রমাণ দিয়ে দিয়েছেন। বাংলা ছবির উত্তর আমেরিকার ইতিহাস আপনারাই তৈরি করবেন।’
এদিকে দেশে চতুর্থ সপ্তাহের মতো সিনেমা হলে চলছে ‘দম’। নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র ‘দম’ নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি প্রযোজিত আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান, মো. সাইফুল্লাহ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com