পাম্পে জ্বালানি পেতে পুলিশের অগ্রাধিকার দাবি।

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০২:৫২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০২:৫২:২৭ অপরাহ্ন


মাহফুজুর রহমান :

দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি জনসেবা নিরবচ্ছিন্ন রাখতে জ্বালানি পাম্পগুলোতে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। চলমান জ্বালানি সংকট ও পাম্পের দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার ফলে পুলিশের টহল, জরুরি অভিযান এবং জননিরাপত্তামূলক কাজে বিঘ্ন ঘটছে এমন বাস্তবতায় এই আবেদন জানানো হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বরাবর পাঠানো এক চিঠিতে এই বিশেষ অনুরোধ জানায় সংগঠনটি। চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, আসামি গ্রেফতার এবং ট্রাফিক ব্যবস্থাপনার মতো ২৪ ঘণ্টার জরুরি সেবায় পুলিশকে সবসময় প্রস্তুত থাকতে হয়। বর্তমানে সরকারি যানবাহন ছাড়াও অধিকাংশ পুলিশ সদস্যকে ব্যক্তিগত মোটরসাইকেল বা রিকুইজিশন করা যানবাহনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে হয়।
কিন্তু পাম্পগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে গিয়ে পুলিশের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এর ফলে  আসামি ধরা বা বিশেষ অভিযানে বিলম্ব ঘটছে। ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হওয়া সম্ভব হচ্ছে না। টহল কার্যক্রমে স্থবিরতা দেখা দিচ্ছে, যা অপরাধ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব ফেলছে। 

চিঠিতে উল্লেখ করা হয়, অনেক সময় নিরুপায় হয়ে জরুরি প্রয়োজনে লাইনের বাইরে গিয়ে তেল সংগ্রহ করতে গেলে পুলিশ সদস্যরা সাধারণ মানুষের অসন্তোষ এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মতো বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এটি বাহিনীর মনোবল ও ভাবমূর্তির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন তাদের আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, পুলিশ জনগণের সেবক ও বন্ধু।  দ্রুত সেবা দিতে না পারা রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি হতে পারে। জনস্বার্থেই পাম্পগুলোতে পুলিশ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে পৃথক লাইন বা বিশেষ বুথের ব্যবস্থা করা জরুরি।

পুলিশ যদি সময়মতো জনগণের পাশে দাঁড়াতে না পারে, তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য ও কর্তব্য। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

সংগঠনটির প্রত্যাশা, আইজিপির কার্যকর নির্দেশনায় পাম্পগুলোতে অগ্রাধিকার নিশ্চিত হলে বাহিনীর গতিশীলতা বাড়বে এবং জনসেবা আরও সুসংহত হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com