মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৩:০৯:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৩:০৯:২২ অপরাহ্ন



পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই নারীসহ চারজনকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে । বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতার নাম মজিবুর রহমান। তিনি উপজেলা বিএনপির সহসভাপতি এবং ৫ নং কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।


আহতরা হলেন— সমীর চন্দ্র হালদার (৫২), তাঁর স্ত্রী সবিতা রানী (৪২), মেয়ে ঝিলিক রানী (২২) এবং ঝিলিকের ছেলে পিয়াস (৪)।

এ ঘটনায় সোমবার সমীর হালদারের স্ত্রী সবিতা রানী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম।

জানা যায়, গাবুয়া গ্রামের সমীর চন্দ্র হাওলাদার ও তার ভাই শংকর হাওলাদারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার দুপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিএনপি নেতা মজিবুর রহমান ও তার সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

বিষয়টি মীমাংসা না করে শংকর হালদারের পক্ষ নিয়ে উল্টো সমীর চন্দ্র হাওলাদার ও তার স্ত্রী সবিতা রানী এবং মেয়ে ঝিলিক রানীকে এলোপাতাড়ি গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় ঝিলিকের চার বছরের ছেলে পিয়াস মায়ের কাছে এলে তাকেও চড়থাপ্পড় দেওয়া হয়।

এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মারধরের শিকার সমীরের মেয়ে ঝিলিক বলেন, তাদের বসতঘরের সামনে একটি চাম্বলগাছ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সেটির ডাল কাটতে গেলে তার চাচা শংকর হাওলাদারের পক্ষ নিয়ে উপস্থিত হয়ে বিএনপি নেতা মজিবুর রহমান ও তার সহযোগীরা তাদের পিটিয়ে আহত করেন।

অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মজিবুর রহমান বলেন, দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে তাকে ডাকা হয়েছিল। তিনি গিয়ে দেখেন দুই পরিবারের মধ্যে সংঘর্ষ চলছে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। তিনি বা তার সহযোগীরা কাউকে মারধর করেননি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com