চট্টগ্রাম ফায়ার সার্ভিসে সহকারী পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, তদন্তের দাবি

চট্টগ্রাম ফায়ার সার্ভিসে সহকারী পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, তদন্তের দাবি

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৬:৫৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৬:৫৬:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও শিষ্টাচারবহির্ভূত আচরণের অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে জমা দেওয়া ওই অভিযোগপত্রে তার বিরুদ্ধে বিভিন্ন সময় সংঘটিত একাধিক অনিয়মের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে যোগদানের পর থেকেই তিনি সরকারি ক্রয় কার্যক্রমে নীতিমালা উপেক্ষা করে আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন। বিশেষ করে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে আসবাবপত্র, কম্পিউটার, প্রশিক্ষণ সামগ্রীসহ বিভিন্ন সরঞ্জাম কেনার ক্ষেত্রে বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক বেশি দামে ক্রয় দেখানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, যেখানে একটি কম্পিউটার টেবিলের বাজারমূল্য ২,৫০০–২,৮০০ টাকা এবং চেয়ার ৪,০০০–৪,৫০০ টাকার মধ্যে, সেখানে যথাক্রমে ৬,৫০০ ও ৮,৫০০ টাকা দরে ক্রয় দেখিয়ে প্রতি সেটে কয়েক হাজার টাকা অতিরিক্ত উত্তোলন করা হয়েছে। এছাড়া উচ্চমানের পণ্যের কোটেশন দেখিয়ে নিম্নমানের পণ্য সরবরাহ নেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় না রেখে নির্দিষ্ট বা ঘনিষ্ঠ প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ সম্পন্ন করা হয়েছে। কিছু ক্ষেত্রে এক প্রতিষ্ঠানের নামে কোটেশন দেখিয়ে বাস্তবে অন্য উৎস থেকে পণ্য সংগ্রহ করা হয়েছে বলেও দাবি করা হয়।

প্রশাসনিক ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৫ সালের ১১ নভেম্বর একটি ১৬ তলা ভবনের অগ্নি নিরাপত্তা ছাড়পত্র প্রদানের জন্য গঠিত পরিদর্শন কমিটিতে নিয়ম লঙ্ঘন করে সদস্য সচিবকে বাদ দিয়ে নিজের পছন্দের ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে। এতে প্রশাসনিক বিধি উপেক্ষা করে ব্যক্তিগত সুবিধা নেওয়া হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

সরকারি সরবরাহ ব্যবস্থাপনাতেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অফিসের জন্য বরাদ্দকৃত মসুর ডাল নিম্নমানের হলেও তা গ্রহণে চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব আপত্তি জানালেও তাকে স্বাক্ষরের জন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও এসেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তার মেয়ের বিয়েতে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং মূল্যবান উপহার গ্রহণের অভিযোগ তোলা হয়েছে। এছাড়া সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, জ্বালানি অপচয় এবং অনুমতি ছাড়াই দীর্ঘ সময় গাড়ি ব্যবহারের ঘটনাও অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ২০২১ সালে একটি মাইক্রোবাস ক্রয় এবং সাভার ও ডেমরা এলাকায় জমি ক্রয় ও বাড়ি নির্মাণের মাধ্যমে সম্পদ অর্জনের বিষয়ে প্রশ্ন উঠেছে। এসব সম্পদের উৎস নিয়েও তদন্তের দাবি জানানো হয়েছে।

চট্টগ্রাম দপ্তরে উপ-পরিচালক পদ দীর্ঘদিন শূন্য থাকার সুযোগে তিনি নিজেকে “ভারপ্রাপ্ত উপ-পরিচালক” হিসেবে উপস্থাপন করে বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করেছেন বলেও অভিযোগ রয়েছে। আনুষ্ঠানিক আদেশ ছাড়া এই পদবি ব্যবহার করে দাপ্তরিক সুবিধা নেওয়ার অভিযোগও উত্থাপিত হয়েছে।

এছাড়া অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, গালিগালাজ, এমনকি শারীরিক নির্যাতনের অভিযোগও আনা হয়েছে, যা সরকারি কর্মচারী আচরণবিধির পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

অভিযোগকারী মোহাম্মদ ইমরান হোসেন অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে চট্টগ্রাম থেকে অন্যত্র বদলির দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন সব অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলোর কোনো ভিত্তি নেই। তিনি দাবি করেন, তার কাজকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব অভিযোগ করা হয়েছে এবং অভিযোগকারীকে তিনি চেনেন না।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com