জুলাই আন্দোলনে নিহত রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
জাহাংগীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন। এর আগে গত ১১ মে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
বুধবার শুনানির সময় জাহাংগীর আলমকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানিতে অংশ নেন এবং গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রিকশাচালক রিপন গুলিবিদ্ধ হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তিনি মারা যান।
পরে রিপনের স্ত্রী শামীমা আক্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।