বিশ্বকাপের দর্শকদের ১৮ লাখ টাকা মওকুফ করছে যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৪:০৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৪:০৩:৫৩ অপরাহ্ন

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই। ‘দ্য গ্রেটেস্ট শো আর্থের’ মধ্যে টিকিটের উচ্চমূল্য নিয়ে চলছে সমালোচনা। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে দর্শকদের ভ্রমণ, থাকা-খাওয়া মিলিয়ে খরচ হবে কয়েক লাখ টাকা। তবে এবার ফুটবলপ্রেমীদের সুখবর দিল যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসন নির্দিষ্ট বিদেশি কয়েকটি দেশের দর্শকদের ওপর আরোপিত সর্বোচ্চ ১৫ হাজার ডলারের ভিসা বন্ডের শর্ত স্থগিত করতে যাচ্ছে। বাংলাদেশি মুদ্রায় তা ১৮ লাখ ৪১ হাজার টাকা। তাদের অবশ্যই ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটধারী হতে হবে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

১৫ এপ্রিল থেকে চালু হওয়া ফিফা পাস ব্যবস্থায় অংশগ্রহণকারীদের জন্য এই ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বড় এবং সেরা ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে। যারা বিশ্বকাপের টিকিট কিনেছেন এবং ১৫ এপ্রিল থেকে চালু হওয়া ফিফা পাস ব্যবস্থায় অংশ নিয়েছেন, তাদের জন্য আমরা ভিসা বন্ড মওকুফ করছি।’

গত বছর ভিসা বন্ডের শর্ত চালু করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তাদের দাবি ছিল, কিছু দেশে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার হার বেশি। সেক্ষেত্রে নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে। রিপাবলিকান প্রশাসনের বৃহত্তর অভিবাসন দমন নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। বর্তমানে ৫০ দেশের নাগরিকদের এই নতুন বন্ড দিতে হয়, যার মধ্যে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল, তিউনিসিয়া-এই পাঁচ দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই পাঁচ দেশের যেসব নাগরিক ফিফা থেকে বিশ্বকাপের টিকিট কিনেছেন, তারা ভিসা বন্ড থেকে রেহাই পেতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮ দল। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। ইতোমধ্যেই আর্জেন্টিনা, ব্রাজিল বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com