মোঃ নুরুল ইসলাম খোকন
বিশেষ প্রতিনিধি:
১০ জুন ২০২৬: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে তাঁর অবদান ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই সভার আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন ও আধুনিকায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাঁর গৃহীত 'পল্লী চিকিৎসক' প্রকল্পসহ নানামুখী উদ্যোগ আজও দেশের চিকিৎসা ব্যবস্থার প্রধান স্তম্ভ হিসেবে কাজ করছে। বর্তমান স্বাস্থ্য সংকট মোকাবেলায় তাঁর দূরদর্শী নীতি ও আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক।
ড্যাব-এর ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোঃ আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক মহাসচিব ডা. মোঃ আব্দুস সালাম এমপি। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যাব-এর মহাসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এমপি বলেন, "শহীদ জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী সংস্কারক। চিকিৎসকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তিনি যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, তা চিরস্মরণীয়। বর্তমান প্রেক্ষাপটে দেশের স্বাস্থ্য ব্যবস্থার আরও আধুনিকায়ন ও সংস্কারে আমাদের তাঁর সেই জনমুখী নীতি থেকে শিক্ষা নিতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেন, চিকিৎসা সেবাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে মিশন শহীদ জিয়া শুরু করেছিলেন, তা আজ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করার সময় এসেছে।
সভার সমাপনী বক্তব্যে সভাপতি ডাঃ মোঃ আবুল কেনান অনুষ্ঠানটি সফল করার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সর্বস্তরের চিকিৎসকদের ধন্যবাদ জানান। তিনি চিকিৎসকদের পেশাগত মান উন্নয়ন এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থার ক্রান্তিলগ্নে ড্যাব-এর গৌরবময় ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন। সভায় ড্যাব-এর কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার বিপুল সংখ্যক চিকিৎসক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।