এক বুক আশা, এক মহাসমুদ্র হতাশা!

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১০:৩৪:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১০:৩৪:৫২ পূর্বাহ্ন
মাহফুজুর রহমান : ৫ই আগস্টের পর ভেবেছিলাম এই বাংলার মাটির বুকে এক নতুন ভোরের সূর্যোদয় হয়েছে। ছাত্র-জনতার রক্তাক্ত ও আত্মত্যাগী আন্দোলনের মুখে যেভাবে প্রচলিত রাজনীতির চেনা দেয়ালগুলো ভেঙে পড়েছিল, তাতে মনে হয়েছিল এবার বুঝি সাধারণ মানুষের সুবুদ্ধির বিকাশ ঘটবে। রাজপথে রাজনীতিকদের সেই অসহায়ত্ব দেখে বিশ্বাস জন্মেছিল যে, আজ থেকে এই দেশের প্রকৃত মালিক হবে এদেশের সাধারণ জনগণ, তথা ভোটাররা। স্বপ্ন দেখেছিলাম, ক্ষমতার ভারসাম্য এবার আমূল বদলে যাবে। প্রত্যেকটা জায়গায় একজন জনপ্রতিনিধি তার এলাকার প্রতিটি ভোটারের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। কারণ, দিনশেষে একজন সাধারণ ভোটারের আঙুলের ছাপেই তৈরি হয় একেকজন জনপ্রতিনিধি। ভেবেছিলাম, এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান থেকে রাজনীতিকরা এক চরম শিক্ষা নেবেন এবং ক্ষমতার দম্ভ ভুলে জনগণের দ্বারে দ্বারে গিয়ে জনসেবার তোষামোদ করবেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নির্মম সত্য হলো বাস্তবের চিত্রটি সম্পূর্ণ উল্টো। যে জনগণ রাজপথে বুক পেতে দিয়ে স্বৈরাচার হটিয়েছিল, তাদের একটি বড় অংশ আজ আবারও সেই পুরনো রাজনীতির চেনা বৃত্তে ফিরে গিয়ে চামচামিতে লিপ্ত হয়েছে। ক্ষমতার পালাবদলের সাথে সাথে শুধু চাটুকারিতার রঙ বদলেছে, কিন্তু গোলামির মানসিকতা বদলায়নি। সবচেয়ে বেশি কষ্ট হয় এবং ধিক্কার দিতে ইচ্ছে করে যখন দেখি, গরিব কিংবা মধ্যবিত্ত ঘরের সন্তানেরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ও বিশ্ববিদ্যালয়ে পড়েও একই ভুল করছে। যে শিক্ষায় তাদের মেরুদণ্ড সোজা করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কথা ছিল, সেই শিক্ষা আজ তাদের শেখাচ্ছে কীভাবে নতুন কোনো রাজনৈতিক নেতার পাশে দাঁড়িয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের 'ক্ষমতা' জাহির করা যায়। মেধা আর বিবেকের এই সস্তা বিক্রি দেখে নিজের অজান্তেই প্রশ্ন জাগে আমরা কি আসলেই কোনোদিন স্বাধীন ও সচেতন নাগরিক হতে পারব? আসলে ক্ষমতার এই গোলকধাঁধায় সবসময় কিছু সুযোগসন্ধানী মানুষ সুবিধা লুটে নেয়। তারা সাধারণ মানুষের আবেগ, রক্ত আর স্বপ্নকে পুঁজি করে জনগণকে নানা রঙের ঘোল খাওয়ায়। মাঝখান থেকে তারা নিজেদের আখের গুছিয়ে নেয়, আর দিনশেষে সাধারণ জনগণ সেই তিমিরেই পড়ে থাকে। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে এটি চরম এক সত্য ও ট্র্যাজেডি। আমরা যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হই, আমরা যদি জনপ্রতিনিধিদের হাততালি দেওয়ার বদলে প্রশ্ন করতে না শিখি, তবে ইতিহাসের এই চক্র বারবার ঘুরতেই থাকবে। নেতাদের পেছনে অন্ধের মতো না ছুটে আসুন আমরা আমাদের ভোটাধিকার এবং নাগরিক মর্যাদাকে চাটুকারিতার চেয়ে ঊর্ধ্বে স্থান দিই। পরিবর্তনটা নেতাদের দিয়ে হবে না, পরিবর্তনটা সবার আগে আমাদের নিজেদের মানসিকতা দিয়ে শুরু করতে হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com