পতিত আওয়ামী ফ্যাসিবাদের সময়ে গুম, খুন, গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। দুপুরে বিজয়নগরে আয়োজিত সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৪ জুলাই জেলাগুলোতে সমাবেশ ও বিক্ষোভ করবে জোটটি। বাজেট পাসের পরও তাদের কর্মসূচি থাকবে।
সোমবার বেলা ১১টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।
তিনি আরও জানান, ২০২৪ সালের ‘৩৬ জুলাই’ উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য। এ বিষয়ে ২৫ জুন বৈঠক শেষে কর্মসূচি চূড়ান্ত করা হবে।