প্রথমবারের মতো ২৭৩ দিন মেয়াদি শরিয়াহভিত্তিক স্বল্পমেয়াদি সুকুক ইস্যু

আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ১২:৫৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ১২:৫৩:০৩ অপরাহ্ন




প্রথমবারের মতো ২৭৩ দিন মেয়াদি শরিয়াহভিত্তিক বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (শর্ট টার্ম বিজিআইএস) সফলভাবে ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক। ৫ হাজার কোটি টাকার এ সুকুকের বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৫৬ হাজার ৬০৭ কোটি ৬৭ লাখ টাকার বিড জমা পড়েছে, যা ঘোষিত ইস্যু মূল্যের তুলনায় প্রায় ১০ দশমিক ২৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অগ্রাধিকারভিত্তিক গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর অর্থায়নের বিপরীতে প্রথম স্বল্পমেয়াদি বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের নিলাম ২৮ জুন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ৫ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ২৭৩ দিন মেয়াদি সুকুক বার্ষিক ৯ দশমিক ২৫ শতাংশ ইজারা (রিটার্ন) হারে ইস্যু করা হয়। নিলামে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কনভেনশনাল ব্যাংকের ইসলামিক উইন্ডো ও ব্যক্তি বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, সুকুক বরাদ্দের পুরো প্রক্রিয়া তাদের নিজস্ব সফটওয়্যার শরিয়াহ সিকিউরিটি মডেলের (এসএসএম) মাধ্যমে সম্পন্ন হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বল্পমেয়াদি এ সুকুক চালুর ফলে শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এটি তাদের স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ (এসএলআর) সংরক্ষণে সহায়ক হবে এবং প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি (আই বি এল এফ) সুবিধা গ্রহণের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য এ পর্যন্ত ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড ও সুকুক ইস্যুর মাধ্যমে মোট ২৭১টি সফল বিডের বিপরীতে প্রায় ৮৭ দশমিক ৩৭ কোটি টাকার সিকিউরিটিজ বরাদ্দ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, দীর্ঘমেয়াদি সুকুকের পাশাপাশি স্বল্পমেয়াদি সুকুক চালু হওয়ায় শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com