কক্সবাজারের বন্যাদুর্গত মানুষের পাশে শুরু থেকেই সরকার রয়েছে এবং কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে বন্যা পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন পরিকল্পনা পর্যালোচনা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের চাহিদা বিবেচনায় প্রতিটি উপজেলায় অতিরিক্ত ত্রাণ ও নগদ সহায়তা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন দ্রুত ফিরিয়ে আনা। এজন্য ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত, সড়ক, সেতু-কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণের পাশাপাশি কৃষি, মৎস্য ও গবাদিপশুর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এ সময় পাহাড়ি এলাকায় বসবাসকারীদের ঝুঁকির বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অবৈধ পাহাড় কাটা ও দখলের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান বজায় রাখবে বলেও জানান তিনি।