​মাদক সেবনের টাকা না পেয়ে দলিল লেখককে পেটাল ছাত্রদল নেতা

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০২:০৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০২:০৪:৩৬ অপরাহ্ন




মাদক সেবনের জন্য ২০ হাজার টাকা না দেওয়ায় এক দলিল লেখককে মারধরের অভিযোগ উঠেছে দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হোসেন সরকারের বিরুদ্ধে।


অভিযোগকারী সাইফ উদ্দিন দেবিদ্বার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখকের কাজ করেন। গত ২৬ জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে দেবিদ্বার পৌরসভার দেবিদ্বার মসজিদ মার্কেটের অ্যাডভোকেট জামালের চেম্বারের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাইফ উদ্দিন দেবিদ্বার মসজিদ মার্কেটের অ্যাডভোকেট জামালের চেম্বারে বসে ছিলেন। এ সময় নাজমুল হোসেন সরকার সেখানে গিয়ে মাদক সেবনের জন্য তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নাজমুল তাকে মারধর করেন বলে অভিযোগ করেন সাইফ উদ্দিন।

সাইফ উদ্দিন আমার দেশকে বলেন, ছাত্রদল নেতা নাজমুল হোসেন সরকার দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত। মাদকের টাকার জন্যই তিনি আমার ওপর হামলা করেছেন। ছাত্রদলের সদস্য সচিব হয়েও তিনি মাদকের সঙ্গে জড়িত থাকায় ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন সরকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির আমার দেশকে বলেন, এ বিষয়ে এখনো কেউ আমাকে কিছু জানায়নি। খোঁজখবর নিয়ে তদন্ত করব। তিনি যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকেন, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। একজন উপপরিদর্শককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com