১১ দলীয় ঐক্য ছাড়ছে না এনসিপি

আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৩:৩২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৩:৩২:৩১ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি জোট থেকে এনসিপির সরে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও দলটি এবং জোটের নেতারা তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, বিরোধী জোটকে দুর্বল করতে পরিকল্পিতভাবে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি জোট থেকে এনসিপির সরে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও দলটি এবং জোটের নেতারা তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, বিরোধী জোটকে দুর্বল করতে পরিকল্পিতভাবে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে গঠিত ১১ দলীয় ঐক্যে সম্প্রতি খেলাফত মজলিস দূরত্ব তৈরির কথা জানায়। এরপর থেকেই এনসিপি জোট ছাড়তে যাচ্ছে—এমন আলোচনা শুরু হয়। তবে জামায়াত ও এনসিপি উভয়েই বলছে, এ ধরনের প্রচারণার পেছনে সরকারের ইন্ধন রয়েছে এবং এর উদ্দেশ্য বিরোধী জোটে বিভক্তি সৃষ্টি করা।

এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ও বৈঠক নিয়মিত চলছে। জোটের কোনো বৈঠক কিংবা এনসিপির দলীয় ফোরামে জোট ছাড়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। তাদের ভাষ্য, এটি সম্পূর্ণ গুজব এবং শরিক দলগুলোর মধ্যে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা।

দলটির নীতিনির্ধারণী নেতাদের মতে, জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের দাবিতে যখন যৌথ আন্দোলন চলছে, তখন জোটকে আরও শক্তিশালী করা প্রয়োজন। বিচ্ছিন্ন হওয়ার পরিবর্তে সম্মিলিতভাবে সরকারের ওপর রাজনৈতিক চাপ অব্যাহত রাখাই এখন প্রধান লক্ষ্য।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, এনসিপির জোট ছাড়ার খবর পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। এ ধরনের প্রচারণার কোনো ভিত্তি নেই।

তিনি জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে এবং তিনিও জোট ছাড়ার গুঞ্জন নাকচ করেছেন। হামিদুর রহমান আযাদের দাবি, জনগণকে বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে, তবে এতে জোটের ঐক্যে কোনো প্রভাব পড়বে না।

গত বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে বড় সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সমাবেশ থেকেই পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। বৈঠকে এনসিপির প্রতিনিধি হিসেবে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব উপস্থিত ছিলেন।

এনসিপির রাজনৈতিক পর্ষদের একাধিক সদস্য জানিয়েছেন, দলটি ১১ দলীয় ঐক্যে থেকেই নিজস্ব সাংগঠনিক শক্তি বাড়ানোর কৌশল নিয়েছে। সারা দেশে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি বিচার ও সংস্কারের প্রশ্নে জোটগত আন্দোলনও অব্যাহত থাকবে।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সমালোচনা দেখা গেলেও উভয় দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, এসব অনলাইন বিতর্ক রাজনৈতিক সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না।

অন্যদিকে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জোটের ভেতরে কৌশলগত আলোচনা চলছে। কয়েকটি সিটি করপোরেশনে জামায়াত ও এনসিপি আলাদাভাবে প্রার্থী ঘোষণা করলেও উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে এনসিপির অবস্থান রয়েছে।

তবে বড় সিটি করপোরেশনগুলোতে জোটগত সমঝোতার সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট নেতাদের মতে, আলোচনা ও সমঝোতার ভিত্তিতেই নির্বাচনী কৌশল চূড়ান্ত করা হবে।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com