জবির পর এবার ঢাকা কলেজে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষে আহত ২৭

আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৬:০৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৬:০৮:০২ অপরাহ্ন



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পর এবার রাজধানীর ঢাকা কলেজে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। এতে শিবিরের অন্তত ২০ ও ছাত্রদলের ৭ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা কলেজের গ্যালারি নম্বর ২ এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী কলেজের ২ নম্বর গ্যালারিতে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে কলেজ শাখা ছাত্রশিবির। সেই প্রোগ্রামের ব্যানার টানানোর সময় অতর্কিত হামলা চালায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

হামলায় আহত হন শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল মালেক। পরে তাকে দ্রুত পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নীলক্ষেতে শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে লাঠিসোটা নিয়ে ধাওয়া দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় উভয় দলের ২৭ জন আহত হয় বলে জানা গেছে।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন শেখ বলেন, ‘আমাদের আগে থেকেই পূর্বঘোষিত ‘‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’’ শীর্ষক একটি কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ২ নম্বর গ্যালারির সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এমন সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন। এছাড়া একজনের মাথা ফেটে যায়।’

ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, ‘আজ সকালে শিবির সুপরিকল্পিতভাবে আমাদের ভাইদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। আমরা আমাদের কর্মী ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে অবস্থান নিয়েছি। সন্ত্রাসীদের কোনো কার্যক্রম এ ক্যাম্পাসে হবে না। আমরা শিবিরের সন্ত্রাসীদের প্রতিহত করব। কোনোভাবেই এই ক্যাম্পাসে তাদেরকে রাজনীতি করতে দেব না।’

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, কলেজের স্বাভাবিক কার্যক্রম চলছিল, এসময় মিছিলের আওয়াজ শুনি। এরপর জানতে পারি ছাত্রদলের মিছিল। মূলত কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়টা জানি না। তবে যতটুকু শুনেছে শিবির ও ছাত্রদলের ঝামেলা হয়েছে। তবে সংঘর্ষের বিষয়টি জানি না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com