ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এর আগে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে রোববার (৯ আগস্ট) বিকেলে নয়াদিল্লি থেকে তিনি ঢাকায় এসেছেন।
ঢাকা সফরে পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
একজন কূটনৈতিক সূত্র জানায়, এটি একটি নিয়মিত সফর। ডিজিএফআইয়ের কর্মকর্তারা যেমন নিয়মিত ভারত সফর করেন, তেমনি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মকর্তারাও বিভিন্ন সময়ে বাংলাদেশে সফর করে থাকেন। এসব সফরে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ নিজেদের পর্যবেক্ষণ ও দৃষ্টিভঙ্গি বিনিময় করে।
পরাগ জৈন ‘র’-এর প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এদিকে ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।