পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা রিজেন্ট বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো: মোর্শেদ হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।
অদ্য মঙ্গলবার(১১ আগষ্ট) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রবিজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১৮(১)(ছ) ও ১৮(৪) অনুযায়ী আগামী ৩ বছরের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো: মোর্শেদ হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করেছেন।
উল্লেখ্য , প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব, প্রফেসর ড. মো: নুরুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর এবং প্রফেসর ড মোহাম্মদ আবু জাফর খান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর হিসাবে দায়িত্ব পালন করছেন।
পবিপ্রবি'র ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান নবনিযুক্ত রিজেন্ট বোর্ড এর এ ৩ জন শিক্ষাবিদকে অভিনন্দন জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।