বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রবিবার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।
এর আগে, বেলা ১১টার দিকে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পরে দুপুর ১২টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়।
অন্যদিকে, ১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার।