বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি। এ জন্য আগামী ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে।
নিয়োগ কার্যক্রমের স্থানীয় আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ। প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার ও বাছাই করতে দুবাইয়ের কোম্পানিটির একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ থেকে চালক নিয়োগের আগ্রহের কথা জানায় কোম্পানিটির প্রতিনিধিদল।
তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমোজিন চালক হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের কর্মদক্ষতার প্রশংসা করে তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের কমপক্ষে এসএসসি পাস এবং বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ দুই বছর, যা নবায়নযোগ্য। নির্বাচিতরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করার সুযোগ পাবেন।
প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল ও এমিরেটস আইডি-সংক্রান্ত ব্যয় কোম্পানি বহন করবে। পাশাপাশি আবাসনের ব্যবস্থাও করবে প্রতিষ্ঠানটি। তবে গাড়ি পাওয়ার তিন মাস পর আবাসন বাবদ নির্ধারিত অর্থ মাসিক বেতন থেকে কেটে নেওয়া হবে।
সাক্ষাৎকারে অংশ নিতে প্রার্থীদের মূল পাসপোর্ট, রঙিন ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স ও এর রঙিন কপি, জীবনবৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতার সনদের রঙিন কপি সঙ্গে আনতে হবে।
নিয়োগের অন্যান্য শর্ত ও সুযোগ-সুবিধা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।