চলতি অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এরমধ্যে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের নির্বাচন আয়োজনের জন্য প্রায় ছয় হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে কোন নির্বাচন আগে হবে, তা নির্ধারণ করা হবে।
ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের যেসব স্থানে ময়লা-আবর্জনা রয়েছে, সেগুলো পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।