মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালাই উপজেলা পরিষদের সিএ এস এম শওকত।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “আমরা অতীতে দেখেছি, আমাদের তরুণ প্রজন্মের মাঝে কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও চেতনার প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। নজরুল কেবল বিদ্রোহী কবি নন, তিনি আমাদের অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে নজরুলের সেই সাম্য ও অসাম্প্রদায়িক আদর্শ ধারণ করে দেশপ্রেমের পথে এগিয়ে যেতে হবে। এ লক্ষ্যেই উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলের কবিতা, সংগীত ও জীবনদর্শন সম্পর্কে জানার সুযোগ পাবে, যা তাদের সুস্থ সাংস্কৃতিক বিকাশে সহায়ক হবে। উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।এসময় উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।