গোলাম রব্বানী শিপন, মহাস্থান- বগুড়াঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলামের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১সেপ্টেম্বর) সকাল ১০টায় ঐতিহাসিক মহাস্থানগড় এলাকা থেকে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি মহাস্থানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম বলেন, "মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এই দল প্রতিষ্ঠা করেছিলেন দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ পুরো জাতি ঐক্যবদ্ধ। শিবগঞ্জের মাটি শহীদ জিয়ার ঘাঁটি, তৃণমূলের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা প্রস্তুত।"
দিবসটিকে ঘিরে শিবগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসব-মুখর দেখা যায়। র্যালি উপলক্ষে ব্যানার, ফেস্টুন, ক্যাপ, প্লেকার্ড ও দলীয় পতাকায় সেজে ওঠে পুরো এলাকা।
এতে রায়নগর ইউনিয়নবাসী শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল থেকেই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ মহাস্থানে এসে জমায়েত হন। পরে বিশাল এই মিছিলটি পুরো এলাকায় এক উৎসবের আমেজ তৈরি করে।
এতে আরও অংশগ্রহণ করেন শিবগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং রায়নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আলম লিমটন, বিএনপি নেতা আছালত জামান, আব্দুর রাজ্জাক, মুক্তার হোসেন, সবুর, বায়েজিদ আকন্দ, সেমিল আহম্মেদ, আজিজুল হক, রাজু আহমেদ, আসলাম হোসেন, খোকন, যুবদল নেতা সোহেল রানা, জাহিদ হাসান মুক্তার, ছাত্রদল নেতা আল আমিন হাসান প্রমূখ।