রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ফুলেল শুভেচ্ছা

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৮:২১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৮:২১:৪৫ অপরাহ্ন
রাঙামাটি প্রতিনিধি :মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের নতুন চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) রাঙামাটি জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এ সময় জেলার উন্নয়ন, সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণ এবং জেলা পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সাধারণ সম্পাদক জুঁই চাকমা, জেলা কমিটির সাবেক সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আবুল হাসেম, সম্পাদকমণ্ডলীর সদস্য অরুনজিতা চাকমা, বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি সুজন চাকমা, সাধারণ সম্পাদক ইকো চাকমা, জেলা কমিটির সদস্য সাইমুন ইসলাম, মোহাম্মদ ফয়সাল ও কল্পনা চাকমাসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।শুভেচ্ছা বিনিময় শেষে জেলা পরিষদ কার্যালয় থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।তিনি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে দলীয় কার্যালয়ের মতো ব্যবহার করা হয়েছিল। দলীয় লোকজন ও তাদের ঘনিষ্ঠ ঠিকাদারদের বাইরে দীর্ঘদিন সাধারণ মানুষ জেলা পরিষদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন বলেও দাবি করেন তিনি।নির্মল বড়ুয়া মিলন বলেন, সাধারণ ও দরিদ্র মানুষ সরকারি আর্থিক সহায়তার আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অপেক্ষা করতেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী জেলা পরিষদকে এখন একটি দলনিরপেক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিএনপি সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে তিনি সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।নির্মল বড়ুয়া মিলন বলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপুসহ পরিষদের সব সদস্যের প্রতি আহ্বান থাকবে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যালয় যেন কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত না হয়। তিনি বলেন, চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর নেতৃত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে জনবান্ধব ও জেলার উন্নয়নের অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে। একই সঙ্গে জেলার সব শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জনের মাধ্যমে জেলা পরিষদকে কার্যকর ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপ দিতে হবে।উল্লেখ্য, গত ২০ আগস্ট রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)-কে চেয়ারম্যান করে ১৫ সদস্যের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পুনর্গঠিত পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মারমা, পাইচিং মং মারমা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মানুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সব দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ২০২৪ সালে গঠিত পরিষদ বাতিল করা হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com