গণপূর্ত অধিদপ্তরের ইএম জোনের দায়িত্ব পেতে কোটি টাকা দিয়ে একটি চিঠি কিনেছেন আরেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খান। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী এই চিঠি দিয়েছেন মন্ত্রণালয়ের সচিবকে। অথচ এর আগে অন্য এক কর্মকর্তাকে এ পদে পদোন্নতি দিতে চিঠি দিয়েছিলেন তিনি।
গণপূর্ত অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই অধিদপ্তরের ইএম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশ্রাফুল হক আগামী ৩১ আগস্ট অবসরে যাচ্ছেন। তার শূন্য পদ পদোন্নতির মাধ্যমে পূরণের জন্য প্রায় ১ মাস আগে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলেন প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী। যে চিঠিতে তিনি বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা মাহাবুবুল হক চৌধুরীর নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু আচমকা আরেকটি চিঠি পাঠানোয় এ নিয়ে কানাঘুষা শুরু হয়। বলা হয়, বড় অঙ্কের বিনিময়ে তিনি এই চিঠি দিয়েছেন।
এমনিতেই গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে বদলি ও পদোন্নতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিস্ট প্রমাণ থাকায় গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন লটারি প্রক্রিয়ার মাধ্যমে কর্মকর্তাদের বদলি ব্যবস্থা চালু করেন। ইতিমধ্যে প্রায় ১ হাজার উপ-সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী বদলি করেছেন।
গণপূর্ত ইএম পিএন্ডডি জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খান দীর্ঘদিন ইএম জোনের দায়িত্বে ছিলেন। আবারও তিনি এই পদে নিয়োগ পেতে উঠে-পড়ে লেগেছেন। এ জন্য তিনি প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীকে ম্যানেজ করে চিঠি নিয়েছেন। ইতিমধ্যে মন্ত্রণালয়ের সচিব ওই চিঠির বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছেন। তবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় বিষয়টি মন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।
রোববার অথবা সোমবারের মধ্যে আশ্রাফুল হকের শূন্য পদে নিয়োগ দিতে হবে। এ বিষয়ে মন্ত্রীর নির্দেশনা পাওয়া গেলে রোববারই এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। আশ্রাফুল হককে অবসর প্রদান করে ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।