গণপূর্ত প্রকৌশলী আবুল বাসারের বিরুদ্ধে দুদকে অভিযোগ

সরকারি চাকরিতে থেকেও ডেভেলপার ব্যবসা, গোপন অংশীদারিত্ব ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ দুদকে তদন্ত কমিটি

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৩:৫৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৩:৫৪:৩৫ অপরাহ্ন


গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (ই/এম) মোঃ আবুল বাসারের বিরুদ্ধে সরকারি চাকরির বিধি লঙ্ঘন করে কথিত ডেভেলপার ব্যবসায় সম্পৃক্ততা, স্বজনদের মাধ্যমে ব্যবসা পরিচালনা, গোপন অংশীদারিত্ব এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত আবেদন করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় আবুল বাসার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বেসরকারি ডেভেলপার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। বিশেষ করে ডালাস ডেভেলপারস অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড-এর সঙ্গে তাঁর কথিত ব্যবসায়িক ও আর্থিক সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অভিযোগকারীর দাবি, নিজের নামে সরাসরি ব্যবসায়িক অংশীদারিত্ব বা শেয়ার না রেখে স্বজন কিংবা ঘনিষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে বিনিয়োগ বা ব্যবসা পরিচালনা করা হয়েছে কি না, সেটি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।

অভিযোগে আরও বলা হয়েছে, আবুল বাসারের সহোদর ভাই ইঞ্জিনিয়ার রাশেদ-উল আলমের মাধ্যমে ডেভেলপার ব্যবসার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হওয়ার কথাও রয়েছে। নির্মাণাধীন প্রকল্পের তদারকি, ফ্ল্যাট বিক্রি, ক্রেতাদের সঙ্গে যোগাযোগসহ ব্যবসায়িক কার্যক্রমে তাঁর সম্পৃক্ততার অভিযোগের পাশাপাশি দুই ভাইয়ের ব্যাংক লেনদেন, সম্পত্তি ক্রয় ও আর্থিক সম্পর্ক যাচাইয়ের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া বিভিন্ন নির্মাণাধীন ও নির্মিত ভবনের ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রির মাধ্যমে কথিত অপ্রদর্শিত আয় অর্জন করা হয়েছে কি না, সেই অর্থ কার ব্যাংক হিসাবে জমা হয়েছে এবং আয়কর নথিতে তা যথাযথভাবে প্রদর্শন করা হয়েছে কি না—সেটিও অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

দুদকে দেওয়া আবেদনে আবুল বাসার ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি, ব্যাংক হিসাব, এফডিআর, গাড়ি, ব্যবসায়িক বিনিয়োগ ও কোম্পানির শেয়ার/অংশীদারিত্বের প্রকৃত মালিকানা এবং অর্থের উৎস যাচাইয়ের অনুরোধ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গণপূর্ত অধিদপ্তরের ই/এম ডিভিশন-৬-এর আওতায় সাভারে দায়িত্ব পালনকালে কোনো ঠিকাদার, ডেভেলপার বা প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর ব্যক্তিগত ব্যবসায়িক সম্পর্ক ছিল কি না এবং এতে সরকারি দায়িত্বের সঙ্গে স্বার্থের সংঘাত সৃষ্টি হয়েছিল কি না—তাও খতিয়ে দেখা প্রয়োজন।

দুদকে আবেদনে আবুল বাসার ও সংশ্লিষ্টদের আয়কর রিটার্ন, সম্পদ বিবরণী, ব্যাংক হিসাব এবং আর্থিক লেনদেন পরীক্ষা করার পাশাপাশি ডালাস ডেভেলপারস অ্যান্ড প্রপার্টিজ লিমিটেডের মালিকানা, শেয়ারহোল্ডিং, প্রকল্পভিত্তিক অর্থের উৎস, জমি ক্রয়, নির্মাণ ব্যয় ও ফ্ল্যাট বিক্রির অর্থের প্রবাহ অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

অভিযোগকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযোগের সমর্থনে ডেভেলপার প্রতিষ্ঠানের তথ্য, বিজ্ঞাপন, ভবন ও প্রকল্প-সংক্রান্ত তথ্য, ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যসহ বিভিন্ন তথ্য-প্রমাণ তদন্তকারী কর্মকর্তার কাছে উপস্থাপন করা সম্ভব।

তবে এসব অভিযোগ এখনও চূড়ান্তভাবে প্রমাণিত নয়। অভিযোগের বিষয়ে আবুল বাসারের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে গুরুত্বসহকারে তুলে ধরা হবে। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ করে নথিপত্র ও আর্থিক তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com