পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আহবান রাষ্ট্রপতির

আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৫:৩৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৫:৩৬:৪৫ অপরাহ্ন



পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রশিক্ষণ ও বিমান যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রোববার (১৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহবান জানান।

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার সে দেশের রাষ্ট্রপতি আসিফ আলি জারিদারির পক্ষ থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান সফরের আমন্ত্রণের কথা জানান। রাষ্ট্রপতি এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং একই সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতিকেও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো গেলে উভয় দেশের জনগণই উপকৃত হবে। তিনি দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ করার ওপর জোর দেন। তৈরি পোশাক, কটন ইয়ার্নসহ বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক সুযোগ কাজে লাগানোর আহবান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সিরামিক পণ্য, পান ও অন্য কৃষিপণ্য এবং মানসম্মত ওষুধ পাকিস্তানে রপ্তানি বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে। এর পাশাপাশি দুই দেশের সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের সদস্যদের প্রশিক্ষণ বিনিময়, বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার জানান, পাকিস্তানি পণ্য নিয়ে আগামী অক্টোবরে ঢাকায় একটি বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। একইভাবে পাকিস্তানেও বাংলাদেশের পণ্য নিয়ে অনুরূপ মেলার আয়োজন করার আহবান জানান তিনি। হাইকমিশনার বলেন, ফুটবলসহ ক্রীড়া সরঞ্জাম তৈরিতে যৌথ উদ্যোগে কাজ করতে পাকিস্তানি উদ্যোক্তারা আগ্রহী।

ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করে হাইকমিশনার বলেন, এটি দুই দেশের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা পর্যটন ও জনগণের যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তিনি বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর তাগিদ দেন। এছাড়া বাংলাদেশি চায়ের গুণগত মানের প্রশংসা করে শুল্কমুক্ত সুবিধায় পাকিস্তানে আরও বেশি চা রপ্তানির জন্য বাংলাদেশকে আহবান জানান তিনি।

হাইকমিশনার ইমরান হায়দার বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে তার দেশ কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি হাইকমিশনারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com