দেশের সরকারি হাসপাতালের সেবামান বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। বিদ্যামান সরকারি হাসপাতালসমূহের এক কিলোমিটারের মধ্যে বেসরকারি ক্লিনিক স্থাপন নিষেধাজ্ঞা ও ডাক্তারদের চেম্বার খুলে প্র্যাক্টিস করাকে নিষেধাজ্ঞার আওতায় এনে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের জেলা পর্যায়ের সিভিল সার্জনদের উদ্দেশ্যে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
সেখানে আরও বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার কার্যবিবরণীর ক্রমিক নং ০৬ নং এর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালের ০১ কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক স্থাপনের অনুমতি প্রদান করা যাবে না এবং একই সাথে উক্ত সীমানার মধ্যে বিদ্যমান ক্লিনিকে কোনো সরকারি হাসপাতালের চিকিৎসক প্র্যাকটিস করতে পারবেন না।’
এই সিদ্ধান্ত বাস্তবায়নে চিঠিতে বলা হয়েছে, ‘এমতাবস্থায়, উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিম্ন স্বাক্ষরকারীকে পত্র প্রেরণের মাধ্যমে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’