কাশিমপুর কারাগারে নেওয়ার পথে বাথরুমের কথা বলে পালালেন ‘পিচ্চি রাজা

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০১:৫৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০১:৫৯:৩১ অপরাহ্ন




আসামি রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগার-১–এ নেওয়ার পথে পালিয়েছেন। রোববার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, মামলার শুনানিসহ হাজিরা দেওয়ার জন্য প্রতিদিনই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে অনেক আসামিকে ঢাকায় আনা-নেওয়া করা হয়। প্রতিদিনের মতো রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকা মেট্রোপলিটন আদালতে আনা হয়। আদালতের কাজ শেষে তাদের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে আসামি পিচ্চি রাজা শৌচকর্ম করবেন বলে চিৎকার শুরু করেন। আসামি বহনকারী গাড়িটি রাত সাড়ে আটটার দিকে বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা এসআই তাকে শৌচকর্ম করানোর জন্য নিচে নামান। এ সময়ই তিনি কৌশলে দৌড়ে পালিয়ে যান। বাকি ২৯ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ‘ঢাকা আদালত থেকে কাশেমপুর কারাগারে আনার পথে একজন বন্দী পালিয়ে গেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, ওই বন্দী টয়লেটে চাপ দিয়েছে বলে চিৎকার চেঁচামেচি করছিলেন। পরে তাকে টয়লেট করানোর জন্য নিচে নামানো হলে তিনি পালিয়ে যান। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১–এর জেলার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের কারাগারে বন্দী রাজা ওরফে পিচ্চি রাজাকে রোববার আদালতে নেওয়া হয়। আদালত থেকে ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে তিনি পালিয়ে গেছেন। তিনি বিস্ফোরক আইনের একটি মামলায় বন্দী ছিলেন।’

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com