পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বনায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির উদ্যোগে কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠান অদ্য ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় উদ্যানতত্ত্ব বিভাগের জার্মপ্লাজম সেন্টারে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বনায়ন ও সৌন্দর্য বর্ধন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড.এস.এম হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান,কৃষি বনায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন,"আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে, আজ আপনাদের মতো কঠোর ও পরিশ্রমী মানুষের মাঝে উপস্থিত হতে পেরেছি।
আপনারা দিন ও রাত পরিশ্রম করে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমাদের মুখে অন্ন তুলে দেন। একটি বিশ্ববিদ্যালয় শুধু চার দেয়ালের মাঝে শিক্ষা দেবার জায়গা নয়, বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ হলো তার গবেষণার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বিশেষ করে পবিপ্রবি'র এই অঞ্চলের কৃষক দের প্রতি একটি গভীর সামাজিক দায়বদ্ধতা ও অধিকার রয়েছে। এই এলাকার কৃষক দের উন্নয়ন মানেই আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থকতা।
আপনাদের যে কোন কৃষিভিত্তিক সমস্যা সমাধানের জন্য এ বিশ্ববিদ্যালয় সবসময় আপনাদের পাশে থাকবে এবং কাজ করে যাবে। আমরা যে নতুন নতুন জ্ঞান সৃষ্টি করলাম এটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আপনাদের কাজ করার ক্ষেত্রে কি কি সমস্যা ফেস করেন আমাদের বললে আমরা সমাধানের চেষ্টা করবো।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের এই যুগে উপকূলীয় অঞ্চলের কৃষি দিন দিন চ্যালেন্জিং হয়ে উঠেছে। এ চ্যালেন্জ মোকাবেলায় আপনাদের পাশে দাঁড়াতে আমরা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি। আমরা আপনাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি। এ ওয়ান স্টপ সার্ভিসে এসে আপনারা এক জায়গাতেই কৃষি বিজ্ঞানীদের কাছ থেকে সরাসরি আধুনিক ও বিজ্ঞানসম্মত সমাধান পেয়ে যাবেন।
উক্ত কৃষক প্রশিক্ষণে এলাকার ৫০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। পরে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।