বিপাকে ভবন মালিক

দাউদকান্দিতে বিএনপি অফিসের ২১ মাসের ভাড়া বকেয়া

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৫:০৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৫:০৬:০২ অপরাহ্ন




কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির পার্টি অফিসের জন্য ভাড়া নেওয়া গৌরীপুর বাজারের একটি ভবনের ভাড়া ২১ মাস ধরে বকেয়া রয়েছে বলে অভিযোগ করেছেন ভবনটির মালিক মো. ফাহাদ। তার দাবি, ভাড়া পরিশোধের জন্য একাধিকবার তাগাদা দিলেও বিএনপি নেতারা টাকা না দিয়ে সময়ক্ষেপণ করছেন।

ভবন মালিক জানান, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর গৌরীপুর বাজারের ওই দোকানটি অটো গ্যারেজ হিসেবে ভাড়া দেওয়া ছিল। পরে দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম সেখানে বিএনপির পার্টি অফিস করার জন্য জায়গাটি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।



মো. ফাহাদ বলেন, ‘আমরা ওই দোকান থেকে দুই লাখ টাকা অগ্রিম এবং মাসে ১৪ হাজার টাকা ভাড়া পেতাম। বিএনপির অফিস হবে বিবেচনায় মাসে ১০ হাজার টাকা ভাড়ায় দিতে রাজি হই। কিন্তু ২০ মাস শেষ হয়ে ২১ মাসে পড়েছে, এখনো নিয়মিত ভাড়া দেওয়া হয়নি। একবার ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপর আর কোনো ভাড়া দেওয়া হয়নি।’

তিনি আরো বলেন, ‘ঈদের সময় ভাড়া চেয়েছিলাম। তখন ঈদের পর দেওয়ার কথা বলা হয়েছিল। গত মাসেও টাকা চেয়েছি। তারা দেবেন, দিচ্ছেন বলে শুধু সময় দিচ্ছেন। টাকা খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গেছি।’

তবে ভবন মালিকের অভিযোগ অস্বীকার করে দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম দৈনিক আমার দেশকে বলেন, ‘‘কথাটি সঠিক নয়। আমাদের প্রায় ১০ মাসের ভাড়া বকেয়া রয়েছে। গত মাসে আমাদের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আমরা শিগগিরই ভাড়া পরিশোধ করে দেব। আর যদি কমিটি গঠন না হয়, তাহলে অফিস ছেড়ে দেব।’’

ভিপি জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আমরা দোকানটি অটো গ্যারেজের মালিক আমিনের কাছ থেকে নিয়েছি। আমি আমিনের সঙ্গে যোগাযোগ করেছি। মূল মালিক ফাহাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি।’

ওই দোকানটি প্রথমে অটো গ্যারেজ হিসেবে ভাড়া নিয়েছিলেন আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘আমি ভাড়া নেওয়ার পর বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর আলম এসে এখানে অফিস করার জন্য বলেন। তখন আমি তাকে বলি, এটি জাহাঙ্গীর আলমের ছেলে ফাহাদের দোকান। তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন। এরপর থেকেই ভাড়া নিয়ে তাদের সঙ্গে সমস্যা চলছে বলে জানতে পেরেছি।’

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু বলেন, ‘এই অফিসটি উপজেলা বিএনপি নিয়েছে। ভাড়া বকেয়া আছে কি না, এ বিষয়ে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে আপনাকে জানাতে পারব। এর বেশি কিছু আমি এখন বলতে পারছি না।’


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com