লন্ডনের সমাবেশ থেকে অবিলম্বে মেজর আখতারুজ্জামানের মুক্তি দাবি

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৪:২৭:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৪:২৭:০২ অপরাহ্ন



ঢাকার বিমানবন্দরে প্রবাসীদের চরম হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন লন্ডনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের বক্তারা। মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ও দুবারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি জানান।


‘প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে’র উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রবাসী ও সাধারণ যাত্রীদের টিকিটের সঙ্গে এয়ারপোর্ট ট্যাক্স নেওয়া হলেও এর বিনিময়ে প্রবাসীদের নিয়মিত হয়রানির শিকার হতে হয়। এর প্রতিবাদ করায় কর্মকর্তা-কর্মচারীদের হামলার শিকার হয়ে লন্ডনপ্রবাসী সুরত মিয়া নিহত হলেও আজ পর্যন্ত তার বিচার হয়নি। বর্তমানে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান প্রবাসীদের মালামাল চুরি ও হয়রানির প্রতিবাদ করায় সরকার তাকে পরিকল্পিতভাবে বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে। একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে পুলিশের এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল অক্সিজেন হলেও তারা পদে পদে বঞ্চনার শিকার হন। দীর্ঘদিন জার্নি শেষে দেশে পৌঁছানোর পর লাগেজ না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় এবং লাগেজ কেটে মালামাল ও জমজমের পানি চুরির ঘটনা ঘটছে। এসব অনিয়মের প্রতিবাদ করায় সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সাবেক এক সংসদ সদস্যকে বানোয়াট মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে ফ্যাসিবাদী কায়দায় হয়রানি করছে।


সরকারকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, অবিলম্বে আখতারুজ্জামানের মামলা প্রত্যাহার ও মুক্তি না দিলে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রায় ২ কোটি প্রবাসী বাংলাদেশি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ ইউকের আহ্বায়ক সলিসিটর জহির আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

সাবেক ছাত্রনেতা শাহরিয়ার আলম শিপার ও জুবের আহমদ আহাদের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরামের সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমান এবং সাংবাদিক নেতা অলিউল্লাহ নোমান।

এতে আরও বক্তব্য দেন সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার ওয়াহিদ মাহবুব, কমিউনিটি ব্যক্তিত্ব এমদাদুর রহমান, মানবাধিকারকর্মী রফিকুল ঈসা, সংগঠক আবদুল্লাহ আল মুনিম, ‘রাইট ফর কনসার্ন’-এর প্রেসিডেন্ট শফিকুর রহমান খান, ‘নিরাপদ বাংলাদেশ চাই’-এর প্রেসিডেন্ট মুসলিম খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাইফুর রহমান পারভেজ ও রায়হান আহমেদ প্রমুখ। সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন ফজলুর রহমান।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com