ঠাকুরগাঁওয়ে ১০৬ গ্রাহকের বিদ্যুৎ বিলের ৯.৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০১:৪১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০১:৪১:০৪ অপরাহ্ন
বিলের টাকা নিয়ে উধাও পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার, থানায় মামলা রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে ১০৬ গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ বিলের ৯ লাখ ৬৭ হাজার ৬২৮ টাকা আদায় করে আত্মসাতের অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার মো. গোলাম কাদেরের বিরুদ্ধে। অভিযোগের পর থেকেই তিনি পলাতক রয়েছেন।বুধবার (৭ অক্টোবর) এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেছেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-প্রশাসন) মো. গোলজার হোসেন। অভিযুক্ত গোলাম কাদের (৩২) ভোলা সদর উপজেলার ধনিয়া গ্রামের মৃত ছালে আহাম্মদ মাতুব্বরের ছেলে। মামলা হওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুকুর এলাকার ১০৬ জন গ্রাহকের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে বিদ্যুৎ বিলের টাকা আদায় করেন গোলাম কাদের। গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার পর বিলের কাগজে স্বাক্ষরও করেন তিনি। তবে ওই টাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এজাহারে আরও বলা হয়, গত ২৭ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত হয়ে আত্মগোপনে চলে যান গোলাম কাদের। পরে তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এদিকে বিদ্যুৎ বিল পরিশোধের পরও গ্রাহকদের বকেয়া দেখানোর ঘটনায় এলাকায় অসন্তোষ দেখা দেয়। বিষয়টি তদন্তে গত ২৩ সেপ্টেম্বর পল্লী বিদ্যুৎ সমিতি একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে প্রাথমিকভাবে বোচাপুকুর এলাকার ১০৬ জন গ্রাহকের কাছ থেকে সরকারি রাজস্ব হিসেবে আদায় করা ৯ লাখ ৬৭ হাজার ৬২৮ টাকা সমিতিতে জমা না দেওয়ার বিষয়টি উঠে আসে। বোচাপুকুর এলাকার গ্রাহক মহসিন আলী বলেন, তিনি প্রতি মাসে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। কিন্তু এখন তার ছয় মাসের বিল বকেয়া দেখানো হচ্ছে। এতে তার বকেয়া বিল দাঁড়িয়েছে ৩৫ হাজার টাকা। আরেক গ্রাহক আকবর আলী বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করার কারণে গোলাম কাদেরকে বিশ্বাস করে তিনি বিদ্যুৎ বিলের টাকা দিয়েছেন। বিলের কাগজে গোলাম কাদের স্বাক্ষরও করেছেন। কিন্তু এখন তার আট মাসের বিল বকেয়া দেখানো হচ্ছে। এমনকি তার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে লোকজন এসেছিল বলেও জানান তিনি। গ্রাহক বিলকিস আক্তার জানান, গোলাম কাদের বাড়িতে এসে বিদ্যুৎ বিলের টাকা নিয়ে বিলের কাগজে স্বাক্ষর করতেন। টাকা পরিশোধ হয়ে গেছে মনে করলেও পরে তিনি জানতে পারেন, তার সাত মাসের বিল বকেয়া রয়েছে। যার পরিমাণ প্রায় ২৬ হাজার টাকা। মামলার বাদী ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম-প্রশাসন মো. গোলজার হোসেন বলেন, গোলাম কাদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত হয়ে পালিয়ে গেছেন। তদন্তে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত বকেয়া বিদ্যুৎ বিল আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এতে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে এজাহার পাওয়ার পর ১৮৬০ সালের দণ্ডবিধির ৪০৮ ধারায় বিশ্বাসের সুযোগ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। অভিযুক্ত গোলাম কাদের পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। রহমত আরিফ ঠাকুরগাঁও ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com