আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, সরকারি চাকরির নিয়োগে দুর্নীতি ও বাণিজ্যের প্রতিবাদে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে নাগরিক সভা করেছে শরীয়তপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লক্ষ করছি বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি। এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট হয়েছে। ক্ষমতায় বসে বিএনপি সরকার পুনরায় দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেট ব্যবস্থা ফিরিয়ে এনেছে।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের আগে হাত মিলিয়েছিল বিএনপি। তারা একটা সমঝোতার মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের এখন নিজেদের স্বার্থে ব্যবহার করছে। ফলে আমরা দেখছি, চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে। যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে তারা অনেক দূরে সরে গেছে।’
সিন্ডিকেট ও দ্রব্যমূল্য নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। ১,২০০ টাকার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১,৮০০ টাকা করা হয়েছে। অথচ সেই দামেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না; একেকটি সিলিন্ডার ২,৬০০ টাকা হয়ে গেছে। সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে, আর সেই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বিএনপি।’
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই শরীয়তপুর বার নির্বাচন সম্পন্ন করা হয়েছে; কাউকে মনোনয়নপত্র তুলতে দেওয়া হয়নি। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেটা হতে দেব না। আপনারা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, যারা দেশপ্রেমিক এবং এলাকার উন্নয়ন ও মানুষের কাজ করতে চান, আপনারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিন। স্বৈরাচার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করুন। আমরা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাই। যারা রাতের ভোট করেছে, তাদের পরিণতির কথা মনে রাখতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব। এ ছাড়া আবদুল্লাহ মো. হোসাইন, শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন ও সদস্যসচিব সবুজ তালুকদারসহ অন্য নেতারা বক্তব্য দেন।