আঃজলিল,স্টাফ রিপোর্টার:---"
যশোরের বেনাপোল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ শহীদ তিতুমীর।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর-২০২৬) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি যশোর সদর কোর্টে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পরপরই নবাগত ওসি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে শুক্রবার (৩০ অক্টোবর-২০২৬) সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশনা দেন নবাগত ওসি।
দায়িত্ব গ্রহণের পর নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, বেনাপোল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কিশোর গ্যাং প্রতিরোধ, অনলাইন জুয়া নির্মূল, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি বলেন, “পুলিশ জনগণের বন্ধু—এই বিশ্বাসকে ধারণ করে মানুষের আস্থা অর্জনে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, থানায় সেবা নিতে আসা প্রত্যেক মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই ন্যায়সংগত ও প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অপরাধ দমনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করা হবে। এ ক্ষেত্রে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
বেনাপোলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় জনগণকে পুলিশের পাশে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অপরাধ ও মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, নবাগত ওসির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বেনাপোল থানার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।
প্রেরক,
আঃজলিল
স্টাফ রিপোর্টার