শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-১ এর ফরাস, ঝাড়ুদার ও সুইপারসহ সাধারণ কর্মচারীরা এক কর্মকর্তার খামখেয়ালি ও হুমকির মুখে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। সাম্প্রতিক সময়ে বদলিকৃত নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ কর্তৃক কর্মচারীদের চাকরিচ্যুত করা এবং পুলিশ ও গোয়েন্দা সংস্থা দিয়ে হয়রানির হুমকির খবর ছড়িয়ে পড়লে অফিসে অচলাবস্থার সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদের গোয়েন্দা সংস্থাও তৎপর হয়ে উঠেছে এবং পুরো বিষয়টি এখন নজরদারির আওতায় এনেছে।
ভুক্তভোগী কর্মচারীরা জানান, তারা দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে ভিভিআইপি ও ভিআইপি সেবা প্রদান করে আসছেন। সংসদ অধিবেশন পরিচালনা ছাড়াও মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের সরকারি আবাসনে দিন-রাত ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিতে কাজ করেন তারা। এমনকি পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত ব্যবস্থাপনা এবং কোনো সংসদ সদস্য মারা গেলে জানাজার আয়োজনের মতো সংবেদনশীল দায়িত্বও এই কর্মচারীরাই পালন করেন। ছুটির দিনেও অনেককে দায়িত্বে বহাল থাকতে হয়।
অভিযোগ উঠেছে, সম্প্রতি বদলিকৃত নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ দায়িত্ব নেওয়ার পর থেকেই কর্মচারীদের ওপর বেপরোয়া আচরণ শুরু করেন। তিনি কর্মচারীদের বিরুদ্ধে জাতীয় সংসদের গোয়েন্দাদের কাছে মিথ্যা তথ্য পৌঁছে দেন এবং পুলিশ দিয়ে পেটানো ও আইডি কার্ড ছিনিয়ে নেওয়ার মতো হুমকি প্রদান করেন।
নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের এমন আচরণের কারণে কর্মচারীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে অনেকেই ভয়ে কার্যালয়ে আসতে সাহস পাননি। এই পরিস্থিতি জটিল আকার ধারণ করলে এবং গোয়েন্দা নজরদারি জোরদার হলে ওই কর্মকর্তা নিজের দায় এড়ানোর চেষ্টা করছেন বলে ভুক্তভোগীরা দাবি করেন।
এদিকে, গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী হুসাইন মাহমুদ মাহফুজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে নিরপেক্ষ বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।
কর্মচারীদের মতে, সুষ্ঠু বিভাগীয় তদন্ত পরিচালনা করা হলে নির্বাহী প্রকৌশলীর আসল রূপ এবং থলের বিড়াল বেরিয়ে আসবে। সাধারণ কর্মচারীরা এই রাহুর কবল থেকে স্থায়ী মুক্তি এবং কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
অভিযুক্ত প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে উত্থাপিত এই সমস্ত গুরুতর অভিযোগের বিষয়ে বস্তুনিষ্ঠ বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।