নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর পূর্বাচলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) চতুর্থ সমাবর্তন। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মান্নান আহমদ।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলির পর্ষদ চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সমাবর্তন শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘদিনের অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে অর্জিত ডিগ্রি তাঁদের সামনে খুলে দেয় নতুন সম্ভাবনার দ্বার। এ আয়োজন শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার অনুপ্রেরণা জোগায়।
সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। প্রিয়জনদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত ভাগ করে নেওয়ার পাশাপাশি নতুন জীবনের স্বপ্ন নিয়ে অনুষ্ঠানে অংশ নেন স্নাতকরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।
মোঃ আবু সাঈদ আমিন
স্টাফ রিপোর্টার
দৈনিক ভয়েস নিউজ