রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছেন পোশাক শ্রমিকেরা। এই আন্দোলনকে কেন্দ্র করে একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এমআরটি পুলিশ জানায়, সকাল থেকেই ওই এলাকায় চরম উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বর্তমানে এই স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও পুরোপুরি বন্ধ রয়েছে।
তবে স্বস্তির বিষয় হলো, মিরপুর-১১ নম্বর স্টেশন বাদে মেট্রোরেলের অন্যান্য সব স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি পুরোপুরি শান্ত ও স্বাভাবিক হলে স্টেশনটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।