বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৮:২৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৮:২৫:২৩ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঠাকুরগাঁও জেলা শাখা। মানববন্ধনে আয়োজকরা অভিযোগ করেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। এ কারণে পিরোজপুর জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে দাবি করেন। তাঁদের অভিযোগ, মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে বিরোধ ও রাজনৈতিক বিরোধের জেরেই তাঁর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়া হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নূর করিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক আনিসুল হক চৌধুরী, ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আক্তার হোসেনসহ বিভিন্ন উপজেলার কমান্ডাররা। সমাবেশটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য সচিব মো. নজরুল ইসলাম রনি। এ ছাড়া সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক মীর জাহিদসহ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো বীর মুক্তিযোদ্ধার পরিচয় ও সম্মান নিয়ে বিতর্ক সৃষ্টি করে তাঁর শেষ বিদায়ে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয়ভাবে পুনরায় গার্ড অব অনার দেওয়ার এবং এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com